কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ একজন নিহত
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় গতকাল শুক্রবার ভোরে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালকের সহকারী জনি (৩৫) নিহত ও চালক সিদ্দিক মিয়া (৩২) আহত হয়েছেন।
জনি যশোরের হালশা গ্রামের রহমত আলীর ছেলে এবং আহত সিদ্দিক একই জেলার সংকরপুর গ্রামের মোসলেমের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, গতকাল ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার হাটিকুমরুল সমবায় পেট্রলপাম্পসংলগ্ন এলাকা থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক মহাসড়কে উঠছিল। একই সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি কাভার্ড ভ্যান ওই স্থান অতিক্রমকালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় জনি মারা যান। সিদ্দিকের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।