কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি, নিহত ৩
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার ফুলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন: কুমিল্লার বরুড়া উপজেলার কাকৈরতলা গ্রামের খাদিজা আক্তার (৩৭), একই গ্রামের মমিনুল হক তালুকদার (৬৫) ও চাঁদপুরের কচুয়া উপজেলার উচিত গাবা গ্রামের কায়সার আহমেদ (২৫)।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, ঢাকা থেকে চাঁদপুরগামী এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যান ফুলুয়া এলাকায় এলে মুদাফফরগঞ্জ থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত দুজনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, আজ শনিবার ভোরে রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে ১৬ জন নিহত হয়। পরে দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়। কুমিল্লার এই দুর্ঘটনাসহ তিন দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২৩ জনে। এ নিয়ে ১৩১ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন এক হাজার ১৬৩ জন।