কাভার্ডভ্যান ফুটপাতে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে একটি কাভার্ডভ্যান ফুটপাতে উঠে গেলে ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তিন পথচারী প্রাণ হারান। আহত হন চারজন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের আবদুর রশিদের স্ত্রী জিন্নাত আরা (৪৫)। তবে অন্য দুই পুরুষের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মধ্যে একজন চানাচুর বিক্রেতা।
আহতরা হলো নিহত জিন্নাত আরার স্বামী আবদুর রশিদ , তাঁর নাতি সাজ্জাত এবং বিল্লাল হোসেন ও কাওসার আলম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ফুটপাথে ওঠে গেলে ভ্যানের চাপায় তিনজন পথচারী ঘটনাস্থলেই মারা যায় এবং চারজন গুরুতর আহত হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। চালক জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। পলাতক।