কাভার্ডভ্যানের চাপায় কনস্টেবল নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় আজ রোববার বিকেলে মো. শরীফ হোসেন খান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শরীফ পুলিশের একজন কনস্টেবল। আহত হয়েছেন শরীফের সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব হোসেন।
আজ বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
শরীফ মুন্সিগঞ্জ জেলা সদরের মৃত আব্দুর রউফ খানের ছেলে। কাভার্ডভ্যানসহ চালক সানোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শরীফ এবং মাহবুব দুজনই রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে এএসআই মাহবুব ও কনস্টেবল শরীফ মোটর সাইকেলযোগে ভুলতা ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সেজান জুস কোম্পানির একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল মো. শরীফ মারা যান। আহত হন মাহবুব। তাঁকে আশপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। শরীফের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।