কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
ফেনীতে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি তখন দায়িত্ব পালন করছিলেন। আজ বুধবার সকাল ১০টার দিকে দেওয়ানগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম প্রভাত চন্দ্র সিংহ (৫৬)। বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাগৈর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে দায়িত্ব পালনের সময় দেওয়ানগঞ্জ এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান ট্রাফিক পুলিশের কনস্টেবল প্রভাত চন্দ্র সিংহকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কাভার্ড ভ্যানের চালক গাড়ি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পুলিশ চালকের সহকারী ও গাড়িটি আটক করেছে।
ফেনীর ট্রাফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য প্রভাত চন্দ্রের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।