কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কাস্টমস মোড়ে সেতুতে ওঠার সময় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন ইমরুল হাসান ওরফে শিবলি (২২) ও মাহতাব করিম সিদ্দিকী (২৫)।

মাহতাব নগরের ফিরিঙ্গিবাজার এলাকার ইউনূস সিদ্দিকীর ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের ছাত্র মাহতাব। আর ইমরুল হাসান সরকারি কমার্স কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি সন্দ্বীপের কালাপানিয়ায়। তিনি নগরের আগ্রাবাদ মৌলভিপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে বের হওয়া একটি কাভার্ডভ্যান কাস্টমস ব্রিজের ওপর ওঠার সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহতাব করিম মারা যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা ইমরুল হাসানকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মাহতাব করিম। তাঁরা পতেঙ্গা থেকে শহরের দিকে আসছিল। এ সময় কাস্টমস ব্রিজের ওপর উল্টোদিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। আর দুই আরোহী ভ্যানের ধাক্কায় মাথায় আঘাত পান।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পারভেজ ও সহকারীকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় মাহতাবের খালাতো ভাই আরাফাত ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেছেন। মামলায় চালক পারভেজকে আসামি করা হয়েছে।