কাভার্ডভ্যানের ধাক্কায় নারী আরোহীসহ রিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় নারী আরোহীসহ রিকশাচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন রিকশাচালক মো. বাবুল (৪৫) ও রিকশাযাত্রী কোহিনূর বেগম (৪৫)। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নগরের বিমানবন্দর সড়কের দারুস সালাম মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রথম আলোকে বলেন, কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রিকশাচালক বাবুল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান কোহিনূর বেগম। স্থানীয় লোকজন কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ পারভেজকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ইপিজেড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খুরশীদ আলম বলেন, নিহত কোহিনূর বেগমের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। চট্টগ্রামের নিউমুরিং এলাকায় স্বামী আবদুস সাত্তার ও সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গতকাল সকালে রিকশা নিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে আকমল আলী রোডে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তিনি। পথে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।
পুলিশ জানায়, নিহত রিকশাচালক মো. বাবুলের গ্রামের বাড়িও পিরোজপুরের মঠবাড়িয়ায়। তিনি নিউমুরিংয়ের তক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহত কোহিনূর বেগমের ছেলে মোহাম্মদ মিরাজ চালক পারভেজকে আসামি করে মামলা করেছেন।