কাভার্ডভ্যানের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই নারীর স্বামী। সোমবার দুপুরে উপজেলার মগপুকুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম শাহেদা বেগম (৪২)। আর আহত হলেন টিপু সুলতান (৫০)। তিনি শাহেদা বেগমের স্বামী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই দম্পতির বাড়ি চট্টগ্রামের রাউজানে। তাঁরা চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় বসবাস করেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রী শাহেদা বেগমকে মোটরসাইকেলে নিয়ে সীতাকুণ্ড থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন টিপু সুলতান। মোটরসাইকেলটি মগপুকুর এলাকায় এলে সামনে হঠাৎ একটি লেগুনা দাঁড়িয়ে পড়ে। ডানদিকে মোড় নিয়ে লেগুনাটি অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহেদা মারা যান। আর আহত অবস্থায় টিপু সুলতানকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।