রাজধানীতে পোশাক কারখানায় আগুনে শ্রমিক নিহত
রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় তৈরি পোশাকের একটি কারাখানায় আগুন লেগে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম কবির (৩৫)। তাঁর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। আগুনে দ্বগ্ধ হয়ে ও ধোঁয়ায় কবির মারা গেছেন বলে জানিয়েছেন কামরাঙ্গীর চর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন।
একই কারণে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন সোহাগ, শাহীন ও রুবেল।
লালবাগ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার কাজী নাজমুজ্জামান বলেন, মায়ের দোয়া নামের আধাপাকা কারখানা ভবনটির ভেতর ওই চারজন শ্রমিক ছিলেন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নেভানো হয়।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, কারখানাটির মালিকের নাম হেমায়েত উদ্দিন। আগুনে কারখানার ৪০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।