কামরাঙ্গীরচরে এক-তৃতীয়াংশই অবৈধ সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে কামরাঙ্গীরচরে গ্যাস-সংযোগের এক-তৃতীয়াংশই অবৈধ। এর মধ্যে পাঁচ হাজারের বেশি আবাসিক সংযোগ এবং ছোট-বড় কারখানার সংখ্যা তিন শতাধিক। এ ছাড়া অবৈধ সংযোগের অপেক্ষায় রয়েছেন কয়েক শ গ্রাহক। বৈধ-অবৈধ মিলিয়ে মোট গ্রাহকের সংখ্যা ১৫ হাজারের বেশি।
গত বৃহস্পতিবার সকাল থেকে টানা তিন দিন কামরাঙ্গীরচর থানার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। থানার বড়গ্রাম, কুড়াহাটি, মুসলিমনগর, হুজুর পাড়া, রনি মার্কেট, খলিফা ঘাট, আচারওয়ালা ঘাট, নিজামবাগ, রসুলপুর, নুরবাগ, ঝাউচর, পোড়াহাটি, মুন্সিহাটি, মজিবর ঘাট, মাতবর বাজার, আলিনগর, খোলামুড়া ঘাট এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় অবৈধ গ্যাসলাইনের সংযোগ রয়েছে।
স্থানীয় গ্রাহক, ঠিকাদার ও দালাল চক্রের সদস্যরা জানিয়েছেন, বিগত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ কাজে জড়িত ছিলেন থানা, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নেতারা। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটির রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাও এতে যুক্ত হন।
তিতাস গ্যাসের লালমাটিয়া আবাসিক জোনের মেট্রো-৫ কার্যালয় সূত্রে জানা গেছে, কামরাঙ্গীচার থানায় নয় হাজার ৮৮০ জন গ্রাহক রয়েছেন। এর মধ্যে ছোট-বড় প্রায় ৭০০ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির একাধিক কর্মচারী জানান, কামরাঙ্গীরচরে বৈধ-অবৈধ মিলিয়ে ১৫ হাজারের অধিক আবাসিক বাড়ি ও কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে পাঁচ হাজারের বেশি আবাসিক ও তিন শ ছোট-বড় কারখানায় দালাল চক্ররা মাসিক ভিত্তিতে টাকা আদায় করছে। মাসে প্রতিটি দুই চুলার জন্য এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা, একটি চুলার জন্য ৮০০ থেকে এক হাজার টাকা এবং কারখানা ভেদে প্রতিটি থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা আদায় করছে গ্যাস কোম্পানির অসাধু কর্মকর্তা ও কর্মচারী, আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন ও দালাল চক্র।
খোঁজ নিয়ে জানা গেছে, কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাসির, আওয়ামী লীগ-সমর্থিত মো. আতিক, আ. রব মিয়া, আনোয়ার হোসেন, মাসুদুর রহমান, মো. জাহাঙ্গীর, জজ মিয়াসহ বেশ কয়েকজন গ্যাসের ঠিকাদার নামে অবৈধ সংযোগের কাজে জড়িত রয়েছেন।
মো. নাসির বলেন, ‘গ্যাসলাইন সংযোগের জন্য ডাবল চুলার জন্য ১৫ হাজার টাকা নিচ্ছি। আর মাটি কাটার জন্য দু-তিন শ টাকা বাড়তি ফি ধার্য করে থাকি।’ তিনি আরও বলেন, ‘কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ গ্যাসলাইন নাই। ডেমরা, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে অবৈধ গ্যাসলাইন রয়েছে। আমি সরকারের নিয়ম অনুযায়ী কাজ করি। বর্তমানে আর কোনো দলের সঙ্গে আমি সম্পৃক্ত নই।’
তিতাসের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করে মেসার্স ইউসুফ এন্টারপ্রাইজের পরিচালক মাসুদুর রহমান বলেন, ‘অবৈধ গ্যাস-সংযোগ বলতে কিছুই নেই। আমরা গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে ঠিকই গ্যাস অফিসে জমা দিই। তিতাসের মালামাল, গাড়ি না থাকায় গ্রাহকদের গ্যাস-সংযোগ দিতে দেরি হয়। আমি অবৈধ গ্যাস-সংযোগ কর্মকাণ্ডে কখনো জড়িত ছিলাম না। ৮-১০ বছর ধরে সুনামের সঙ্গে ঠিকাদারি কাজ করছি।’
সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ৬৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. রশিদ সরদার বলেন, ‘আমাদের এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ তুলনামূলকভাবে কম। দেখা গেছে, একটি রাইজারের মধ্যে গ্যাস-লাইন সংযোগ দিয়ে দ্বিতীয় ও তৃতীয় তলা ভবনের বাসায় অবৈধ গ্যাস-সংযোগের পাইপ লাগানো হয়েছে। তবে এসব বিষয়ে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।’
কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলাইমান মাদবর বলেন, ‘কিছু কিছু জায়গায় অবৈধ সংযোগ থাকতে পারে। এর মধ্যে বেশ কয়েকটি কলকারখানা রয়েছে। আমার জানা মতে, অবৈধ গ্যাস-সংযোগ কর্মকাণ্ডে আমাদের দলীয় নেতা-কর্মীরা জড়িত নেই।’
নিজামবাগ এলাকার বাসিন্দা শাহিনুর বেগম বলেন, ‘আগে আমার ভাড়াটিয়া বাড়িতে গ্যাস-সংযোগ নিতে জজ মিয়ার কাছে ডাবল বার্নারের জন্য ২০ হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু এখনো গ্যাস-সংযোগ পাইনি।’