কামরাঙ্গীরচরে কারখানায় আগুন একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের কুডারঘাটে একটি পোশাক তৈরির কারখানায় গতকাল বৃহস্পতিবার সকালে আগুন লেগে কবির হোসেন (৩০) নামের একজন মারা গেছেন। তিনি একজন ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে কুডারঘাটে মায়ের দোয়া নামের শিশুদের পোশাক তৈরির কারখানায় আগুন লাগে। একপর্যায়ে আগুন একতলা টিনশেডের ওই কারখানায় ছড়িয়ে পড়ে। ভেতরে আটকা পড়েন অন্তত ১৫ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করতে গিয়ে ধোঁয়ায় ভ্যানচালক কবির হোসেন, কারখানার মালিকের ভাগনে রুবেল (২৫), আম বিক্রেতা আনোয়ার হোসেন (৩০) ও কারখানার ফ্লোর ইনচার্জ মো. সোহাগ (২৫) অচেতন হয়ে পড়েন। কবিরের হাত ও মুখের কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে লালবাগ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অচেতন ওই চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন। কবির রিকশা ভ্যানে ওই কারখানার পোশাক বহন করতেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা ভজন সরকার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।