কামরাঙ্গীরচরে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের একটি বাসা থেকে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে পাখি আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব রসুলপুরের ২ নম্বর সড়কের একটি বাড়ির মেঝে থেকে পাখির লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত পাখির বাবা বাবুল হোসেন জানান, গতকাল সকালে তিনি ও মেয়ের স্বামী লিটন কাজে যান। দুপুরে পাখি ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে পাখিকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে পাখি মারা যায়। লোকমুখে পাখির মৃত্যুর খবর শুনে তারা বাসায় চলে আসে। কী কারণে পাখি আত্মহত্যা করেছে, তা জানা নেই বলে জানান। এ ব্যাপারে তাঁদের কোনো অভিযোগও নেই। গত বছরের রমজান মাসে পাখির সঙ্গে লিটনের বিয়ে হয়। তাঁরা ভাড়া বাসায় থাকতেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে পাখি সবার ছোট ছিলেন। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য নতুন কাপড় কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরেই পাখি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।