কামরাঙ্গীরচরে চলছে জমজমাট ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের চারপাশে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছে সাত থেকে আট হাজার দর্শক৷ আশপাশের বসতবাড়ির কার্নিশ ও ছাদেও দর্শকের কমতি নেই৷ গোল হলে আনন্দে হাততালি আর উল্লাসে মেতে উঠছে তারা।

জমজমাট এই ফুটবল ম্যাচ চলছে কামরাঙ্গীরচরের মেডিকেল হাসপাতাল মাঠে৷ গত ১৯ আগস্ট ১৬টি দল নিয়ে এই মাঠে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬। ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহার করি, ফুটবল আনন্দে মাতি’ শীর্ষক স্লোগান নিয়ে এই টুর্নামেন্টর আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

গতকাল বিকেল চারটায় ছিল উদীয়মান ক্রীড়াচক্র বনাম রনী মার্কেট ফুটবল ক্লাবের ম্যাচ। খেলা দেখতে বেলা তিনটার দিকেই মাঠের চারপাশে প্রায় সাত থেকে আট হাজার দর্শক ভিড় জমায়। ঘোড়ার গাড়ি, পিকআপ, ব্যক্তিগত গাড়ি করে মাঠে আসে দুই দলের সমর্থকেরা। আশপাশের বাড়ির কার্নিশ ও ছাদে বসে খেলা উপভোগ করে অনেকে। খেলার প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে আটটি গোল দিয়ে ১০ গোলে বিজয় লাভ করে রনী মার্কেট ফুটবল ক্লাব। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সাবেক যুগ্ম সচিব জহিরুল হক খান। কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, শিশু-কিশোরেরা খেলাধুলার প্রতি আগ্রহী হলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে যাবে না৷ এ ধারণা থেকে ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হয়৷ এখন প্রতিদিন বিকেল চারটায় বিভিন্ন দলের খেলা চলছে৷ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিকে অনুষ্ঠিত হবে৷