কামরাঙ্গীরচরে দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু
কামরাঙ্গীরচরের আলীনগরের একটি এমব্রয়ডারি কারখানায় গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ আরও দুই শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁরা হলেন আতিকুর রহমান ওরফে সুমন (১৮) ও আহসানউল্লাহ ওরফে সজীব (১৯)। এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিক মারা যান।
গত শুক্রবার গভীর রাতে আলীনগরের বৃষ্টি নামের একটি এমব্রয়ডারি কারখানায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ছোট একটি কক্ষের কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় শ্রমিক নাজমুল ইসলাম, আতিকুর রহমান, মনির হোসেন, মো. শাকিল, আশিকুর রহমান ও আহসানউল্লাহ দগ্ধ হন। তাঁদের মধ্যে বুধবার রাতে আতিকুর ও গতকাল আহসানউল্লাহ হাসপাতালে মারা যান। আতিকুরের শরীরের ৫৮ ও আহসানউল্লাহর শরীরের ৬৬ শতাংশ পুড়ে যায়। এর আগে একই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার নাজমুল ও মঙ্গলবার শাকিল মারা যান। বর্তমানে চিকিৎসাধীন মনির হোসেন ও আশিকের অবস্থাও আশঙ্কাজনক। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।