কামরাঙ্গীরচরে দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গাতীরের কামরাঙ্গীরচরে গড়ে ওঠা তালিকাভুক্ত ১১৩টি আধা পাকা টংঘর, টিনশেডের ছাপরাসহ দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালায়।
কামরাঙ্গীরচর থানাধীন মুসলিমবাগ এলাকায় বেলা ১১টার দিকে টংঘর উচ্ছেদের মাধ্যমে অভিযান শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।
অভিযান চালিয়ে মুসলিমবাগ এলাকার ১২টি টংঘর, করিমবাগ এলাকায় নয়টি আধা পাকা টিনশেডের দোকান, মিঠু মিয়ার একতলা পাকা ভবনের বর্ধিত অংশের দেয়াল, নিজামবাগ এলাকার জামিয়া আরিবিয়া আশ্রাফুল মাদ্রাসা ও জামে মসজিদের পানির ট্যাংকের নিচের দুটি পাকা দোকান, নিজামবাগ এলাকায় সাফায়াত মিয়ার দুটি আধা পাকা মুদি দোকান, মো. আলফাজ উদ্দিনের দুটি পাকা ও টিনশেডের দোকানঘর উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল বলেন, কোনো ধরনের বাধা ছাড়াই উচ্ছেদ অভিযান চলছে। নদীর তীরে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। অবৈধ দখলদার যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।