কামরাঙ্গীরচরে পুলিশের ধাওয়া, ছাদ থেকে লাফিয়ে দোকানির মৃত্যু

পুলিশের ধাওয়ায় ঢাকার কামরাঙ্গীরচরে তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত ওই ব্যক্তির নাম কালু মিয়া (৩৫)। তিনি কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর এলাকায় মুদি দোকান করতেন এবং মা ও চার ভাইসহ পরিবার নিয়ে বসবাস করতেন। তাঁর বাবা অনেক আগেই মারা গেছেন।
নিহত কালু মিয়ার মা রহিমা বেগম অভিযোগ করেন, তাঁর চার ছেলে। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর এক ছেলে বাবরের স্ত্রী রুবিনা ও অপর ছেলে কালুর স্ত্রী রোজিনার সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে বাবর বৃহস্পতিবার সকালে থানায় গিয়ে অভিযোগ করে আসেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এসে কালুকে ধাওয়া দিলে তিনি তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, কালু ও বাবর দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য বিকেলে কালুর দোকানে যায় পুলিশ। এ সময় কালু দোকানের পেছনের দরজা দিয়ে পালিয়ে পাশের তিনতলা ভবনে ছাদে ওঠেন। তখন তিনি উচ্চ স্বরে বলেন, ‘আমাকে ধরতে এলে আত্মহত্যা করব।’ একপর্যায়ে স্বজনদের উপস্থিতিতে ওপরে যেতেই তিনি লাফ দিয়ে নিচে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সন্ধ্যায় ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, কালু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।