কামরাঙ্গীরচরে বস্তিবাসীর জন্য ফ্ল্যাট প্রকল্প হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান গতকাল শুক্রবার সকালে বুড়িগঙ্গা নদীর কাছাকাছি কামরাঙ্গীরচরে চর এলাকার বস্তি এলাকায় গিয়েছিলেন মালয়েশিয়ার একটি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে। উদ্দেশ্য, বস্তিবাসীদের উন্নয়ন। সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ ও আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন, রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা, সদস্য (উন্নয়ন) মাহবুব-উল-আলম, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা) মো. রেজাউল করিম প্রমুখ।জানানো হলো, পূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বস্তি এলাকায় পাঁচ তলার বেশ কয়েকটি ভবন তৈরি হবে। প্রতি পরিবারকে একটি করে ঘর ও রান্নাঘর দেওয়া হবে। নামমাত্র মূল্যে এসব ঘর বরাদ্দ হবে বস্তিবাসীদের।প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বস্তিবাসীর উদ্দেশে বলেন, কাউকে নির্বাসিত করা হবে না। সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে। নির্মাণ হবে বহুতল ফ্ল্যাট প্রকল্প। এরপর কামরাঙ্গীরচরের তিনটি ঘনবসতিপূর্ণ বস্তি এলাকা ঘুরে দেখেন তাঁরা। প্রতিনিধিদলের প্রধান দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার বিশেষ দূত (অবকাঠামো) দাতো সেরি সেমি ভেল্লু বলেন, বস্তিবাসীরা যেখানে বসবাস করছে, তাদের আগেই উচ্ছেদ করা ঠিক হবে না। রোহিতপুর স্যাটেলাইট শহর: রাজধানীর জিরো পয়েন্ট থেকে ২০ কিলোমিটার দূরে কেরানীগঞ্জের রোহিতপুর এলাকা। এখানে প্রায় এক হাজার ১০০ একর এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে রোহিতপুর স্যাটেলাইট শহর। মালয়েশিয়া প্রতিনিধিদল গতকাল ওই এলাকাও ঘুরে দেখে। প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, ঢাকার চারপাশে চারটি স্যাটেলাইট শহর গড়ে তোলার যে পরিকল্পনা ছিল এটি তারই একটি।একই দিন মালয়েশিয়ার চার সদস্যের প্রতিনিধিদল দোহারের নয়াপাড়া বাবরাঘাট এলাকা পরিদর্শন করেন।