কামরাঙ্গীরচরে হরতাল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচর থানা বিএনপির একাংশের ডাকা গতকাল শনিবারের সকাল-সন্ধ্যা হরতাল হয়নি। তবে সকালে হরতালের সমর্থনে স্থানীয় স্বেচ্ছাসেবক দল একটি মিছিল বের করে।গত শুক্রবার বিকেলে পুলিশ মদ, বিয়ার, হেরোইনসহ কামরাঙ্গীরচর থানা বিএনপির নেতা মো. নাঈমসহ ১৮ জনকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে কামরাঙ্গীরচর থানা বিএনপির একাংশ ওই এলাকায় শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে কামরাঙ্গীরচর বড়গ্রাম এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। তাঁরা গ্রেপ্তার হওয়া বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। তবে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর মিছিলকারীদের আর রাস্তায় দেখা যায়নি। তবে সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দোকানপাটও খোলা ছিল। বিএনপির কামরাঙ্গীরচর থানা শাখার সাধারণ সম্পাদক হাজি রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্যসহ বিএনপি নেতা নাঈমসহ কয়েকজনের গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা হরতালের সঙ্গে কামরাঙ্গীরচর থানা বিএনপির কোনো সম্পর্ক নেই। তাঁদের এ অপরাধের দায়ভার থানা বিএনপি বহন করবে না। নাঈম ছাড়া গ্রেপ্তার হওয়া অন্যরা কেউ বিএনপির নয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।রফিকুল ইসলাম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক। ওই প্রেস বিজ্ঞপ্তি আমি পাঠাইনি। ষড়যন্ত্রমূলকভাবে কেউ এ কাজটি করেছে।’ এদিকে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিরুল্লাহ বলেন, মাদকসহ গ্রেপ্তার হওয়া বিএনপির কামরাঙ্গীরচর থানা শাখার সদস্যসচিব মো. নাঈমসহ এই ১৮ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর রিমান্ড চেয়ে তাঁদের গতকাল আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।