কামরাঙ্গীরচরে হেলে পড়েছে পাঁচতলা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আবারও ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে কামরাঙ্গীরচরের ১৭ নম্বর নিজামবাগ প্রধান সড়ক এলাকায় পাঁচতলা ভবন হেলে পড়েছে। হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত ওই ভবনে বসবাসকারী পরিবারগুলো এবং আশপাশের বাসিন্দারা দ্রুত নিরাপদ দূরত্বে সরে পড়েন। ওমর আলী নামের এক ব্যক্তি এই বাড়ির মালিক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মো. নূরুল হুদা ভবনটি হেলে পড়া প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকায় এই ভবনটিও রয়েছে। ভবনটি হেলে পড়ার ঘটনায় রাজউক কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বলে তিনি জানান।রাজউকের দায়িত্বশীল সূত্র জানায়, ভবনটির মালিক কোনো রকম অনুমতি ছাড়াই প্রথমে দোতলা বাড়ি নির্মাণ করেন। পরে দোতলার ওপর আরও তিনতলা নির্মাণ করেন।প্রত্যক্ষদর্শী মো. খোকন জানান, সোমবার রাত ১০টার দিকে শব্দ করে ভবনটি হেলে পড়ে। শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখেন বাড়িটি পশ্চিম দিকে হেলে পড়েছে। এ সময় আতঙ্কে ভবনের আশপাশের লোকজন চিৎকার করতে থাকেন। প্রথম ও দ্বিতীয় তলায় বাড়ির মালিক ওমর আলীর পরিবারের সদস্যরাই থাকতেন। তাঁরা সবাই ভবন থেকে বেরিয়ে আসেন। সংবাদ পেয়ে পুলিশ আশপাশের লোকজনদের বাড়ি থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।ওমর আলীর ছেলে মো. হাসেম জানান, প্রায় ১০ বছর আগে এখানে ডোবা ছিল। প্রায় আড়াই কাঠা ডোবা ভরাট করে পাঁচতলার ভিত্তি নির্মাণ করে তার ওপর দ্বিতীয় তলা ভবন করা হয়। বছর খানেক ধরে ওপরের তলাগুলোর নির্মাণকাজ চলছিল। এদিকে, হেলে পড়ার বিষয়টি দৃশ্যমান হলেও ভবনমালিকের ছেলে হাশেম প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁদের ভবনটি হেলে যায়নি। এলাকার কিছু লোকজন মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, ভবনটি হেলে যাওয়ার ঘটনার পরপরই ভবনের আশপাশে বসবাসরত লোকজনদের সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সকাল থেকে ভবনের মালিক পঞ্চম তলা ভবনের ওপরের অংশ নিজ উদ্যোগে ভেঙে ফেলছেন।