কামরাঙ্গীরচরের তরুণকে শরীয়তপুরে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাম-রাঙ্গীরচর থেকে অপহরণ করে শরীয়তপুরে নিয়ে নাজমুল হোসেন ফরহাদ নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে জবাই করে হত্যা করা হয় বলে গতকাল অভিযোগ করেছেন নিহত নাজমুলের মা নাজমা বেগম।নাজমা বেগম বলেন, গত ৭ জানুয়ারি সকালে ক্রিকেট খেলার কথা বলে আল আমিন হাওলাদার ও মাসুদ হাওলাদার তাঁদের পরিকল্পনা অনুযায়ী নাজমুলকে কামরাঙ্গীরচরের বাসা থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে নাজমুল নিখোঁজ ছিলেন। পরদিন শরীয়তপুরের গোসাইরহাট থানার মাছুয়াখালী দ্বীপচর গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। খবর পেয়ে ২ ফেব্রুয়ারি নাজমা বেগম গোসাইরহাট থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি ঢাকায় ফিরে কামরাঙ্গীরচর থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন। এতে আসামি হিসেবে আল আমিন হাওলাদার, মাসুদ হাওলাদার, আহাম্মদ ও তুহিনের নাম উল্লেখ করা হয়। নাজমা বেগম জানান, মামলা করার পর আদালত অভিযোগ তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানা পুলিশকে নির্দেশ দিলেও তারা তদন্তকাজ শুরু করেনি। গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাত আলী জানান, নাজমুলের লাশটি উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে শরীয়তপুর পৌরসভা কবরস্থানে দাফন করা হয়। পরে জানা যায়, ছেলেটি ঢাকায় থাকত। খবর পেয়ে নাজমুলের মা শরীয়তপুরে গিয়ে জব্দ করা জিন্সের প্যান্ট ও গেঞ্জি এবং ছবি দেখে তার ছেলে বলে শনাক্ত করেন।