কামরাঙ্গীরচরের বাতাস ধোঁয়ায় দূষিত

কামরাঙ্গীরচরের ছাতা মসজিদ সড়কের সৃষ্টি স্কুলের সামনে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় ২০টি পলিথিন ও প্লাস্টিক গলানোর কারখানা। এসব কারখানার বিষাক্ত গ্যাসে মহল্লার শিশু-কিশোর ও বয়স্কদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গা নদীর সীমানা অবৈধভাবে দখল করে এসব কারখানা গড়ে উঠেছে। দিনে দিনে নদী দখলের পরিধি বাড়ছে। কারখানাগুলোর ধোঁয়ায় সারা দিনই পুরো এলাকা আচ্ছন্ন হয়ে থাকে। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, ছাতা মসজিদ সড়কের উত্তর পাশে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে গড়ে উঠেছে ২০টি পলিথিন ও প্লাস্টিক গলানোর কারখানা। ভ্যান ও পিকআপে করে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে আনা হচ্ছে ব্যবহৃত পলিথিন, বোতলসহ বিভিন্ন প্লাস্টিকসামগ্রী। এসব সামগ্রী আনা হয় পুরান ঢাকার শ্মশানঘাট, কামরাঙ্গীরচরের লোহার সেতু হয়ে ছাতা মসজিদ সড়কে। এই এলাকার রাস্তা ও নর্দমায় পলিথিন ছড়িয়ে আছে। ছাতা মসজিদ এলাকায় কয়েকটি কারখানার ভেতরে প্লাস্টিক গলানোর কাজ করছেন শ্রমিকেরা। বাতাসে দুর্গন্ধ, উড়ছে ধুলাবালু। লোহার সেতুর নিচে পলিথিন গলানোয় সেতুটি ধোঁয়ায় কালো হয়ে গেছে। সেতুর নিচে নদীতে কয়েক ফুট উঁচু পলিথিন ও প্লাস্টিক স্তূপ হয়ে আছে।
সৃষ্টি স্কুলের সামনের একটি প্লাস্টিক গলানোর কারখানায় কাজ করছিলেন কয়েজন শ্রমিক। তাঁরা জানান, দিনের কিছু সময় এবং সারা রাত ধরে এসব কারখানায় পলিথিন গলানো হয়। এসব গলানো পলিথিন ও প্লাস্টিক দিয়ে পুরান ঢাকার ইসলামবাগের বিভিন্ন কারখানায় পণ্য তৈরি করা হয়।
স্থানীয় বাসিন্দা জামাল হোসেন বলেন, অধিকাংশ কারখানা রাতে লোহার সেতুর নিচে পলিথিন গালায়। তখন পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। বাতাসে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। শ্বাস নিতে খুবই কষ্ট হয়। এই কারখানাগুলোর কারণে কামরাঙ্গীরচরের বাতাস দূষিত হয়ে পড়ছে। জনস্বাস্থ্যের জন্যই অবিলম্বে এসব কারখানা উচ্ছেদ করা দরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক সৃষ্টি স্কুলের এক শিক্ষক বলেন, এসব কারখানা চালু থাকা অবস্থায় বিদ্যালয়ে ক্লাস নেওয়া দায়। বিদ্যালয়ের দরজা-জানালা সব সময় বন্ধ রাখতে হয়। পরিবেশ অধিদপ্তরে বিষয়টি জানানো হলেও সেখান থেকে কেউ কোনো তদন্ত করতে আসেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ক্ষমতাসীন দলের কতিপয় স্থানীয় নেতা বছর চারেক আগে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল দখল করে প্লাস্টিক গলানোর কারখানা স্থাপন করেন। এরপর থেকে নদী দখল করে কারখানার সংখ্যা ক্রমেই বাড়তে থাকে।
ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধভাবে নদী দখল করে পলিথিন গলানোর কারখানাগুলো বন্ধে কয়েকবার পুলিশ দিয়ে অভিযান চালানো হয়েছে।
অভিযানের পরে আবার কারখানা বসানো হচ্ছে। কারখানার ধোঁয়ায় এলাকার বাতাসে দূষণ বাড়ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷