কামরানের ইশতেহারে ২৫ পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসমাপ্ত উন্নয়ন’ কাজসহ নগরের উন্নয়নে ২৫ দফা পরিকল্পনাসংবলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। গতকাল মঙ্গলবার দুপুরে নগরের তালতলা এলাকায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে কামরান ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন, সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সাংসদ মুহিবুর রহমান, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আবু নছর, জেলা সভাপতি আবদুজ জহির চৌধুরী, নগরের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য দেন। তাঁরা সিলেট নগরে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নগরের অসমাপ্ত উন্নয়নকাজ সমাপ্ত করতে কামরানকে নির্বাচিত করার আহ্বান জানান।

এর আগের দিন সোমবার সিলেট নগরের কেন্দ্রস্থল থেকে কারাগার স্থানান্তর করে সেখানে ‘সাইবার সিটি’ প্রতিষ্ঠাসহ ১১ দফা উন্নয়ন পরিকল্পনার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটসমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।

শেষে কামরান বলেন, ‘ইশতেহারে আমি কোনো কাল্পনিক বা অবাস্তব কিছু করার প্রতিশ্রুতি দিইনি। যা বলেছি, তা মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে।’