নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সিলেট সিটি করপোরেশনে একজন মেয়র পদপ্রার্থী সর্বোচ্চ ছয়টি কার্যালয় স্থাপন করতে পারবেন। কিন্তু এই বিধি লঙ্ঘন করে সিলেটে ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ২৭ ওয়ার্ডে ২৭টি কার্যালয় স্থাপন করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিধি লঙ্ঘন করে বসানো হয়েছে তোরণ।
নির্বাচনী প্রচারণার আচরণবিধিতে (৬ এর ৫ উপধারা) স্পষ্ট উল্লেখ আছে, পুলিশি থানা এলাকায় একটি করে নির্বাচনী কার্যালয় স্থাপনের। এ অনুযায়ী সিলেট সিটি করপোরেশন মহানগর পুলিশের ছয়টি থানা এলাকায় পড়ায় বিধি অনুযায়ী ছয়টি নির্বাচনী কার্যালয় থাকার কথা।
তালতলা এলাকায় কামরানের প্রধান নির্বাচনী কার্যালয় ছাড়াও ২৭ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মহল্লায় রয়েছে নির্বাচনী কার্যালয়। সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের একদল পরিদর্শক গতকাল সরেজমিনে পরিদর্শন করে কামরানের ২৭টি কার্যালয় স্থাপনের বিষয়ে নিশ্চিত হয়েছে।
যোগাযোগ করলে কামরানের নির্বাচন পরিচালনায় গঠিত কমিটির উপদেষ্টা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ জানান, বিধি লঙ্ঘন করে কোনো ধরনের প্রচারণা করা হবে না। বিধিতে যদি এ রকম হয়, তাহলে অবশ্যই নির্বাচনী কার্যালয় গুটানো হবে।
সরেজমিনে দেখা গেছে, আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে নির্বাচনী তোরণ সাঁটানো হয়েছে।
নির্বাচন কমিশনের সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ৭ এর ক উপধারায় উল্লেখ রয়েছে, তোরণ বা গেট নির্মাণ করা যাবে না। যোগাযোগ করলে আরিফুল হক চৌধুরীর সমর্থনে গঠিত সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক আতাউর রহমান পীর প্রথম আলোকে জানান, কমিউনিটি সেন্টারের স্থায়ী তোরণ ছিল এটি। সেখানে আরিফুল হকের একটি ব্যানার সাঁটানো হয়েছে। এতে যদি নির্বাচনবিধি লঙ্ঘিত হয়, তাহলে অবশ্যই অপসারণ করা হবে।
এ ব্যাপারে সিলেটের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদপ্রার্থীর কার্যালয় ও তোরণ-বিলাসে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উভয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটিকে গতকাল শনিবার চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কামরানের ২৭টি কার্যালয় গুটিয়ে ছয়টিতে রূপান্তর এবং আরিফের প্রধান কার্যালয় থেকে তোরণ অপসারণ করতে বলা হয়েছে।’
উদ্বেগ: গতকাল সকালে কামরানের নির্বাচন পরিচালনায় গঠিত কমিটি সিলেটের রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হকের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন চলাকালীন বিরোধী রাজনৈতিক দলের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে। নেতারা আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক অপপ্রচার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।