আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত ‘নাগরিক কমিটি’র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী রাজনৈতিক দল বিএনপি-জামায়াতের পাঁচ নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তাঁরা সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকারী অন্যরা হচ্ছেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর অনুসারী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান জামান, নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী।
মেয়র পদে কারাবন্দী মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের পক্ষে দলীয় নেতারা মনোনয়নপত্র দাখিল করেন। সালাহউদ্দিন রিমন নামের একজন মেয়র পদে নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
দুপুর সাড়ে ১২টায় বিএনপির নেতা নাসিম হোসাইন সবার আগে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁর সঙ্গে নগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বক্ত ছিলেন। দুপুর একটার দিকে জেলা আওয়ামী লীগ, ১৪ দল ও সদ্য গঠিত নাগরিক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বদরউদ্দিন আহমদ কামরান। পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আবদুল গফফারকে নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সামসুজ্জামানের মনোনয়নপত্র দাখিলের পরপরই বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন। তিনি ‘সম্মিলিত নাগরিক ফোরাম’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। সবশেষে নির্দলীয় প্রার্থী সালাহউদ্দিন ও জামায়াতের কারাবন্দী নেতা এহসানুল মাহবুব জুবায়েরের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন দলীয় নেতারা।
কামরান মনোনয়নপত্র দাখিল করে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি অসম্পূর্ণ উন্নয়নকাজ সম্পন্ন করার জন্য প্রার্থী হয়েছি। গত নির্বাচনে আমাকে জেলে রেখে নগরবাসী যে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন, আমি কাজের মাধ্যমে সেই ভালোবাসার ঋণ শোধ করতে চাই।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘স্থানীয় নির্বাচন হওয়ায় রাজনৈতিকভাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নগরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার বিরুদ্ধে। গত পাঁচ বছর আগে যেসব সমস্যা ছিল, সেসব সমস্যার মোকাবিলা করে নগরবাসীকে চলতে হচ্ছে। আমি উন্নয়নবঞ্চনা ঘোচাতেই প্রার্থী হয়েছি