নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে নিহত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কামরুজ্জামানকে দলীয় সমর্থন দেওয়ার কথা জানায় জেলা আওয়ামী লীগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৬ ডিসেম্বর রাত নয়টায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে মতামত জানতে চাইলে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলেন, যেহেতু প্রয়াত মেয়র লোকমান হোসেনের মা ইতিপূর্বেই তাঁর ছেলে কামরুজ্জামানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, সেহেতু পাল্টাপাল্টি প্রার্থী দেওয়ার প্রয়োজন নেই।’গতকাল বেলা তিনটার দিকে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করার কথা ছিল। কিন্তু মনোনয়ন বোর্ডের সদস্যরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন বিকেল পাঁচটার দিকে। দলীয় কার্যালয়ের নিচে বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও দলীয় নেতা-কর্মীরা অবস্থান করলেও আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে রাত সাড়ে ছয়টায় একে একে নেতা-কর্মীরা বেরিয়ে পড়েন। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় ওই সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমকর্মীদের মধ্যে বিতরণ করা হয়।এ সম্পর্কে জানতে চাইলে নরসিংদী সদরের সাংসদ নজরুল ইসলাম বলেন, দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কামরুজ্জামানকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে সব নেতা-কর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।প্রার্থী ঘোষণা নিয়ে উত্তেজনা: গতকাল বেলা তিনটার দিকে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দেখা যায়, মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান ও তাঁর সমর্থকেরা কার্যালয়ের সামনে। বিকেলে পাঁচটার দিকে কার্যালয়ের সামনে আসেন লোকমান হত্যা মামলায় সদ্য কারামুক্ত শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ও তাঁর সমর্থকেরা। এতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ মোন্তাজের সমর্থকদের চারদিকে অবস্থান নেয়। আওয়ামী লীগের সমর্থন পাওয়ার পর মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমাকে সমর্থন দেওয়ায় আমি ও আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’