কামরুজ্জামানের পক্ষে সাংসদ নজরুলসহ অন্যরা মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র পদপ্রার্থী কামরুজ্জামানের পক্ষে প্রচারণায় নেমেছেন সদর আসনের সাংসদ নজরুল ইসলাম। তিনি বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে কামরুজ্জামানকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী উল্লেখ করে ভোট চেয়েছেন। তবে এগুলোতে জেলা ও শহর আওয়ামী লীগের কোনো জ্যেষ্ঠ নেতাকে দেখা যায়নি।সাংসদ নজরুলের পাশাপাশি কামরুজ্জামানের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন নিহত মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জি এম তালেব, জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ফররুখ আহমেদ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জহিরুল ইসলামসহ ওয়ার্ড কমিশনাররা। স্থানীয় নেতা-কর্মীরা বলেন, সাংসদ নজরুল গতকাল বৃহস্পতিবার শহরের কাউরিয়াপাড়া, শালিধা ও রাঙামাটি এলাকায় গণসংযোগ করেন এবং একটি উঠান বৈঠকে কামরুজ্জামানের পক্ষে প্রচারে অংশ নেন। সাংসদ সেখানে বলেন, ‘কামরুজ্জামান আওয়ামী লীগের প্রার্থী। এর কোনো বিকল্প নেই। প্রয়াত মেয়র লোকমান হোসেনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ আপনারা তাঁকে দেবেন—এই আমার বিশ্বাস। আর আশা করছি, কামরুজ্জামান তাঁর বড় ভাই লোকমান হোসেনের মতোই আপনাদের পাশে সব সময় দাঁড়াবেন, আপনাদের পৌরসভার উন্নয়নে সচেষ্ট থাকবেন।’উঠান বৈঠকে উপস্থিত প্রয়াত মেয়রের স্ত্রী তামান্না নুসরাত বলেন, ‘আমার স্বামী লোকমান হোসেন সব সময় আপনাদের পাশে ছিলেন। সব সময় কীভাবে পৌরসভার উন্নয়ন করা যায়, সেই চিন্তা করতেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের প্রিয় মেয়রকে হয়তো আমরা আর কখনো ফিরে পাব না। তবে আমি আশা করছি, মেয়র লোকমানের প্রতিচ্ছবি কামরুল (কামরুজ্জামান) ভাইয়ের মধ্যে দেখতে পাবেন।’এ ছাড়া প্রতিদ্বন্দ্বী অন্য মেয়র পদপ্রার্থীরা গতকাল বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন। মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান বলেন, ‘মেয়র লোকমান মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যুদ্ধ করেছেন নরসিংদীর চিহ্নিত একটি অপশক্তির বিরুদ্ধে, যারা নরসিংদীকে শোষণ করেছে, উন্নয়ন থেকে অবহেলিত রেখেছে। সেই চিহ্নিত অপশক্তিদের মধ্য থেকে লোকমান ভাইয়ের হত্যা মামলার এক আসামি নির্বাচনে দাঁড়িয়েছে।’ইভিএম নিয়ে প্রশিক্ষণ: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে ধারণা দিতে এবং কীভাবে, কোন প্রক্রিয়ায় পৌর উপনির্বাচনে ভোট নেওয়া হবে, এ বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রতিদিন শহরের পাঁচটি স্থানে প্রশিক্ষণ দিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া ১৫ জানুয়ারি পৌরসভার ১, ২, ৩ ও ৫ নম্বর এবং ১৬ জানুয়ারি ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মোট ৩১টি ভোটকেন্দ্রে পরীক্ষামূলক ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম।এদিকে গত বুধবার প্রথম আলোর ৪-এর পাতায় ‘প্রধানমন্ত্রীর কথাও মানছে না আওয়ামী লীগের এক পক্ষ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর নরসিংদীর অনেক বাসিন্দা এই প্রতিনিধির কাছে ফোন করেন। তাঁরা প্রতিবেদনটির প্রশংসা করে জানান, ওই দিন তাঁদের অনেকে প্রথম আলো না পেয়ে ফটোকপি করে খবরটি পড়েছেন।ডাকমন্ত্রীর প্রতিবাদ: ‘প্রধানমন্ত্রীর কথাও মানছেন না আওয়ামী লীগের এক পক্ষ’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী (নরসিংদী-৫ আসনের সাংসদ) রাজিউদ্দিন আহমেদ। বুধবার তাঁর মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রতিবাদপত্রে দাবি করা হয়েছে, নরসিংদী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোন্তাজের পক্ষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী কাজ করার নির্দেশ দিয়েছেন বলে প্রতিবেদনে যে তথ্য প্রকাশিত হয়েছে, তা মিথ্যা ও কল্পনাপ্রসূত। মন্ত্রী এ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে কারও পক্ষে কাজ করার কোনো ধরনের নির্দেশ কখনো কাউকে দেননি।প্রতিবেদকের বক্তব্য: ডাকমন্ত্রী রাজিউদ্দিনের সমর্থক বলে পরিচিত নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগের একাধিক নেতা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন, মেয়র পদপ্রার্থী মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার পক্ষে নির্বাচনে কাজ করতে মুঠোফোনে মন্ত্রী তাঁদের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তীসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতার বক্তব্য প্রথম আলোর কাছে রেকর্ড করা আছে।