
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলার পলাতক দুই আসামি কামরুল ও তাঁর ভাই শামীমের বাড়ির মালামাল জব্দ করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে আসামিদের গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শেখপাড়া গ্রামে গিয়ে জালালাবাদ থানা পুলিশ মালামাল জব্দ করে।
গতকাল সোমবার অভিযোগপত্রের শুনানি শেষে সিলেট মহানগর হাকিম আদালতের (এমএম-১) বিচারক সাহেদুল করিম পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন। মামলার পরবর্তী তারিখ ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ পাওয়ার পর পলাতক দুই আসামি কামরুল ও শামীমের বাড়িতে গিয়ে মালামাল জব্দ করা হয়েছে। প্রায় ঘণ্টাখানেক অভিযান চালিয়ে আসামিদের বাড়ি থেকে ফ্রিজ, খাট, সোফাসহ বিভিন্ন আসবাবপত্র জব্দ করে দুটি ট্রাকে করে নিয়ে আসা হয়েছে।
গত ৮ জুলাই চুরির মিথ্যা অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডের শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় শিশু সামিউলকে। সে ছিল সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা। লাশ গুম করার চেষ্টার সময় ধরা পড়ে একজন। পরে একে একে জনতা ধরিয়ে দেয় সামিউল হত্যা মামলার আসামিদের। পালিয়ে সৌদি আরব গিয়ে ধরা পড়েন ঘটনার মূল হোতা কামরুল ইসলাম।
আসামি কামরুলের দেশ ছেড়ে পালানোয় ঘটনার শুরুর দিকে গাফিলতির অভিযোগে গত ২৭ জুলাই সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার তৎকালীন ওসি-তদন্ত (পরিদর্শক) আলমগীর হোসেন, উপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
চলতি মাসের ১৬ তারিখ মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। গতকাল আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি জব্দের নির্দেশ দেন। এ ছাড়া অভিযোগপত্রে অব্যাহতির সুপারিশ করা এক আসামির স্ত্রী ও তাঁর ভাইকে অব্যাহতির নির্দেশ দেন আদালত।