কামরুলকে আনা হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফেরত আনা হবে। বৃহস্পতিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁকে ফিরিয়ে আনার কথা। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ কামরুলকে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে সম্মত হয়েছে। তাঁকে ফিরিয়ে নিতে এক পথের বিমানভাড়াসহ যাবতীয় ব্যয়ভার বহনের অনুরোধ জানিয়েছে সৌদি আরব। এ ছাড়া তাঁকে ফিরিয়ে নিতে বাংলাদেশ থেকে এসকর্ট (পাহারা) পাঠাতে বলেছে সৌদি আরব।
এর পরিপ্রেক্ষিতে কামরুল ইসলামকে ফিরিয়ে আনতে গত রোববার দিবাগত রাত দুইটায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে পুলিশের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। ৭ অক্টোবর এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘শিশু রাজন হত্যা মামলাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরিতে আমরা তৎপর। নানা নিয়মনীতি মেনে এ আসামিকে নিয়ে আসতে পারা আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের ঐকান্তিক প্রচেষ্টারই অংশ।’