কামরুলকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শিশু শেখ মো. সামিউল আলম রাজনকে (১৪) নির্যাতন ও হত্যার ঘটনার মূল হোতা কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার সিলেটের নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা মানববন্ধন করে এ দাবি জানান।
নগরের জেলরোড মোড়ে দুপুর ১২টায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যানারে এ মানববন্ধন হয়। এতে নারী উদ্যোক্তা ব্যবসায়ী ও চেম্বার নেত্রীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রায় সব আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে ন্যায়বিচার পাওয়ার পথ প্রসারিত হলেও ঘটনার মূল হোতা কামরুল বিদেশে অবস্থান করায় বিচার দ্রুত করার ক্ষেত্রে একধরনের প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। দ্রুত বিচার নিশ্চিত করতে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।
এর আগে সকালে সিলেট লেখিকা সংঘ ও পারমিতা সিলেট নামের দুটি নারী সংগঠন সামিউলদের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানায়। তারাও দ্রুত কামরুলকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার দাবি জানিয়েছে।
সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা শিশু সামিউলকে ‘চোর’ সন্দেহে আটক করে কুমারগাঁও বাসস্ট্যান্ডের একটি দোকানঘরের খুঁটিতে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়। নির্যাতন ও হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ১২ জন। সৌদি আরবে পালিয়ে গিয়ে ধরা পড়েছেন ঘটনার মূল হোতা কামরুলও। এখন পর্যন্ত পাঁচজন আসামি ও তিনজন প্রত্যক্ষদর্শী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত সমন্বয়কের দায়িত্বে থাকা সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, প্রায় সব আসামি ধরা পড়ায় ও আদালতে স্বীকারোক্তি দেওয়ায় তদন্তকাজও দ্রুত হচ্ছে। কামরুলকে সৌদি আরব থেকে দেশে ফেরানোর সম্ভাব্য সব প্রক্রিয়াও দ্রুত করা হচ্ছে।
প্রবাসীদের অর্থসহায়তা: সামিউলের পরিবারকে এক লাখ টাকার অর্থসহায়তা দিয়েছে ‘সুনামগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে’ নামের একটি প্রবাসী সংগঠন। গতকাল দুপুরে বাদেয়ালি গ্রামে গিয়ে সামিউলের বাবা শেখ মো. আজিজুর রহমান ও মা রুবনা বেগমের হাতে চেক তুলে দেন সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ। এ সময় অতিরিক্ত পিপি শামসুল ইসলামসহ সুনামগঞ্জ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।