কামরুলকে পলাতক দেখিয়ে অভিযোগপত্র

সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলায় কামরুল ইসলামকে পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আজ সন্ধ্যা ছয়টার দিকে সিলেট মহানগর হাকিম আদালত-১-এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার অভিযোগপত্র দাখিল করেন।
তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করে প্রথম আলোকে বলেন, গত ১৬ জুলাই মামলার তদন্ত শুরু করে এক মাসের মধ্যে আজ অভিযোগপত্র দাখিল করা হলো। এতে সৌদি আরব গিয়ে ধরা পড়া কামরুল ইসলাম, তাঁর ভাই মুহিত আলমসহ ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ১০ জনকে। আর গ্রেপ্তার হওয়া দুই আসামি মুহিতের স্ত্রী লিপি বেগম ও তাঁর ভাই ইসমাইল হোসেন ওরফে আবলুসকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
গত ৮ জুলাই চুরির মিথ্যা অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডের শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা শিশু সামিউলকে। লাশ গুম করার চেষ্টার সময় ধরা পড়েন একজন। পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়।
সামিউলকে নির্যাতন করার সময় নির্যাতনকারীরা ভিডিওচিত্র ধারণ করেছিলেন। ঘটনার চার দিন পর ১২ জুলাই ভিডিওচিত্র নিয়ে প্রথম আলোয় ‘নির্মম পৈশাচিক!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর ভিডিও চিত্রটি ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। একে একে জনতা ধরিয়ে দেয় সামিউল হত্যা মামলার আসামিদের। পালিয়ে সৌদি আরব গিয়ে জনতার হাতে ধরা পড়েন ঘটনার মূল হোতা কামরুল ইসলাম।
এক আসামির দেশ ছেড়ে পালানোয় ঘটনায় গাফিলতির অভিযোগে গত ২৭ জুলাই সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার তৎকালীন ওসি (তদন্ত-পরিদর্শক) আলমগীর হোসেন, উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।