কামরুলকে ফেরত দেওয়ার আশ্বাস সৌদি আরবের

সিলেটে শিশু শেখ সামিউল আলম ওরফে রাজন হত্যা মামলার পলাতক আসামি কামরুল ইসলামকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব। সৌদি সরকার গত মঙ্গলবার রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহকে এ প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানানো হয়, আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে কামরুলকে ঢাকায় পাঠানো হবে। বর্তমানে তিনি সৌদি পুলিশের হেফাজতে আছেন।
সিলেটের বাদেয়ালি গ্রামের বাসিন্দা সামিউল সবজি বিক্রি করত। গত ৮ জুলাই চুরির অপবাদ দিয়ে সিলেট শহরের কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে সামিউলকে (১৪) হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মূল হোতা কামরুল সৌদি আরবে পালিয়ে যান। ১৩ জুলাই জেদ্দায় অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের সহায়তায় কামরুলকে গ্রেপ্তার করা হয়। ২৪ জুলাই হত্যা মামলার অভিযোগপত্রের শুনানি শেষে আদালত পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাঁদের সম্পত্তি জব্দের নির্দেশ দেন।