সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে আজ বৃহস্পতিবার বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইন্টারপোলের মাধ্যমে তাঁকে বেলা সাড়ে তিনটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় নিয়ে আসছেন পুলিশের তিন কর্মকর্তা।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. নজরুল ইসলাম বলেন, কামরুলকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন সৌদি আরবের রিয়াদে যান গত সোমবার। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
মাধ্যমে বন্দী বিনিময়ের জন্য সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে সৌদি কর্তৃপক্ষ কামরুলকে ফেরত দিতে সম্মত হয়। ২১ জুলাই কামরুলের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে।
গত ৮ জুলাই রাজনকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয়। সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের বাসিন্দা শিশু রাজন সবজি বিক্রি করত। তার লাশ গুম করার সময় ধরা পড়েন একজন।
এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত কামরুল ইসলাম পালিয়ে সৌদি আরব চলে গেলে প্রবাসী বাংলাদেশিরা তাঁকে ধরে পুলিশে দেন।
রাজন হত্যার ঘটনায় তদন্ত শেষে মোট ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।