কামরুলকে সৌদি থেকে আনা হবে বৃহস্পতিবার
শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে আগামী বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে। ওই দিন দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁকে আনার কথা। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
কামরুল ইসলামকে ফিরিয়ে আনতে গত রোববার দিবাগত রাত দুইটার একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন পুলিশের তিন সদস্যর একটি প্রতিনিধি দল।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছিল, সৌদি আরব কর্তৃপক্ষ কামরুলকে বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরাতে সম্মত হয়েছে। কামরুলকে ফিরিয়ে নিতে এক পথের বিমানভাড়া সহ যাবতীয় ব্যয়ভার বহনের অনুরোধ জানিয়েছে সৌদি আরব। এ ছাড়া তাঁকে ফিরিয়ে নিতে বাংলাদেশ থেকে এসকর্ট পাঠাতে বলেছে সৌদি আরব। এর প্রেক্ষিতেই তিন সদস্যের পুলিশের দলটি সৌদি আরব যায়।
গত ৮ জুলাই রাজনকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয়। সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের বাসিন্দা শিশু রাজন সবজি বিক্রি করত। তার লাশ গুম করার সময় ধরা পড়ে একজন। এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত কামরুল ইসলাম পালিয়ে সৌদি আরব চলে গেলে প্রবাসী বাংলাদেশিরা তাঁকে ধরে পুলিশে দেন।
রাজন হত্যার ঘটনায় তদন্ত শেষে মোট ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।