কামরুলের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু রাজন হত্যা
শিশু রাজন হত্যা

সিলেটে চোর অপবাদে শিশু সামিউল আলম রাজনকে (১৪) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার মূল আসামি সদ্য সৌদি আরবফেরত কামরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
গতকাল রোববার মামলায় সাক্ষ্য গ্রহণের শেষ দিন কামরুলসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হবে—এ খবরে সকাল থেকেই সিলেটের মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষ ভিড় জমান। তাঁরা সেখানে মিছিল করেন ও কামরুলের ফাঁসি চান।
কামরুলকে গত বৃহস্পতিবার সৌদি আরব থেকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়। ওই দিন রাত ১০টায় তাঁকে নিয়ে পুলিশ সিলেট পৌঁছায়। কামরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পরদিন শুক্রবার সকালে পুলিশ তাঁকে আদালতে হাজির করলে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এরপর গতকাল বেলা পৌনে ১১টায় অন্য আসামিদের সঙ্গে কামরুলকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় কামরুলের পক্ষের আইনজীবী তাঁর জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করেন। কামরুলের আইনজীবী সব সাক্ষীর সাক্ষ্য কামরুলের সামনে পুনরায় গ্রহণের জন্য আদালতে আরেকটি আবেদন করেন। আদালত এ আবেদন খারিজ করে দেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় কামরুল ও অন্য আসামিদের আদালত থেকে ফের কারাগারে পাঠানো হয়।
এর আগে সকালে যখন কামরুলকে আদালতে হাজির করা হয়, তখন আদালত প্রাঙ্গণে ছিল শত শত মানুষের ভিড়। মানুষের ভিড় ঠেলে পুলিশ ও আইনজীবীরা আসামিদের আদালতে নিয়ে যান। এ সময় ‘কামরুলের ফাঁসি চাই’ স্লোগানে জনতা মিছিল করে। কামরুলকে কারাগারে ফেরত পাঠানোর সময়ও আদালত প্রাঙ্গণে ছিল মানুষের ভিড়। তখনো রাজন হত্যার সুষ্ঠু বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে, বিশেষত বাদেয়ালি গ্রামবাসী মিছিল করেন।
এদিকে রাজন হত্যা মামলার যুক্তিতর্ক ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা যুক্তিতর্কের এ তারিখ নির্ধারণ করেন। এর আগে ২০ অক্টোবর কারাবন্দী সব আসামির ফৌজদারি কার্যবিধিতে পরীক্ষা সম্পন্ন হবে।
সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত যুক্তিতর্কের ওই তারিখ ধার্য করেছেন। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিনক্ষণ ঘোষণা করবেন আদালত। আমরা আশা করি দ্রুত এ মামলার রায় ঘোষণা হবে।’
আদালতে এই মামলার ৩৮ সাক্ষীর ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল ছিল মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদারসহ দুজন ‘পাবলিক’ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন। তবে আদালত তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ করেন।
চুরির অভিযোগ ছিল পুরোপুরি মিথ্যা: তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার গতকাল তদন্তকাজ সম্পর্কে আদালতকে বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, ‘ভ্যানগাড়ি চুরির অভিযোগে রাজনকে ধরে পেটানো হয়েছিল বলে বলা হয়েছিল। তদন্তে দেখেছি, কোনো আসামির ভ্যানগাড়িই নেই। অভিযুক্ত ১৩ আসামির নাম নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের যানবাহন লাইসেন্সের নথি খুঁজেও তাঁদের নামে কোনো ভ্যানগাড়ি মেলেনি। তাই রাজনের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল পুরোটাই মিথ্যা।’
রাজনের পরিবারের আইনজীবী ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য প্রসঙ্গে বলেন, ‘তদন্ত কর্মকর্তার ভ্যানগাড়ি-সংক্রান্ত তথ্যটি আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি। আদালতও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তাঁকে এ ব্যাপারে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করলেও তিনি তাঁর তদন্তে পাওয়া তথ্য সম্পর্কে অবিচল ছিলেন।’
ওদিকে মামলার সব সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণ-সংক্রান্ত কামরুলের আইনজীবীর আবেদন খারিজ হওয়া প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী বলেন, ‘কামরুল পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ জন্য তাঁর অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় নিয়ে আবেদন খারিজ করেছেন।’
গত ৮ জুলাই সিলেটের জালালাবাদ থানার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা শিশু রাজনকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়।