‘মঙ্গলবার লটারির ড্র হয়েছে শুনে মনটার মধ্যে কেমন তোলপাড় শুরু হয়। প্রথম পুরস্কার কে পেল, তা জানতে রাতে ভালো ঘুম হয়নি। প্রায় নির্ঘুম রাত পোহালে সকালে পত্রিকা কিনতে দোকানে যাই। সঙ্গে একটা কাগজে নম্বরটাও লিখে নিই। কাগজে চোখ রেখে মিলিয়ে দেখি, প্রথম পুরস্কার হুবহু আমার নম্বরটাই (নম্বর গ-০৫৭৩৩০৯)।’ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল নির্মাণে সহায়তা লটারির প্রথম পুরস্কার বিজয়ী বরগুনার বেতাগী উপজেলার কামরুল আহসান এভাবেই গতকাল বুধবার দুপুরে ৩০ লাখ টাকার পুরস্কার জেতার প্রতিক্রিয়া জানান প্রথম আলোকে। বেতাগীর খাসকাচারী সড়কের বাসিন্দা কামরুল পেশায় একজন বিবাহ রেজিস্ট্রার (কাজী)। তাঁর স্ত্রী শাহনাজ বেগম আদর্শ বাসণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। শাহনাজ বেগম মাসখানেক আগে গ্রামীণ ব্যাংক বেতাগী শাখায় গিয়েছিলেন ডিপিএসের মাসিক কিস্তি জমা দিতে। সেখান থেকে ১০ টাকার এ লটারির টিকিটটি কিনে এনে কামরুলের হাতে দেন। কামরুল বলেন, ‘জীবনে এমন বড় খুশির খবর আমাদের আর আসেনি। এ অর্থ দিয়ে যথাসাধ্য মানুষের কল্যাণ করব এবং ছেলেমেয়েদের লেখাপড়ায় ব্যয় করব।’