সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামীম আহমদ (৩২) আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শামীম এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামরুল ইসলামের বড় ভাই।
সিলেট মহানগর দায়রা জজ আদালতে ৮ নভেম্বর রায় ঘোষণা করা এ মামলায় শামীম আহমদকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডের শেখপাড়ার বাসিন্দা শামীম ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। এ মামলায় ফাঁসির দণ্ড পাওয়া জাকির হোসেন ওরফে পাবেল এখনো পলাতক। দণ্ডিত অন্য আসামিরা কারাবন্দী।
আদালত সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন শামীম। তাঁর পক্ষের আইনজীবীরা আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশের পরপরই শামীমকে কারাগারে পাঠানো হয়।
গত ৮ জুলাই শিশু রাজনকে একটি খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ১৩ জনের মধ্যে প্রধান আসামি কামরুল ইসলাম, চৌকিদার ময়না মিয়া, তাজউদ্দিন ওরফে বাদল ও পলাতক জাকির হোসেন ওরফে পাবেলকে ফাঁসি, নির্যাতনের ভিডিওধারণকারী নূর আহমদকে যাবজ্জীবনসহ আরও ছয়জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন আদালত। বেকসুর খালাস দেওয়া হয় তিনজনকে।