কামানের গোলা বিস্ফোরণে সেনা সদস্য নিহত, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী উপকূলে আজ শনিবার রাতে সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে একটি কামানের গোলা বিস্ফোরণে সেনাবাহিনীর কর্পোরাল ইব্রাহিম খলিল নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। আজ রাত আটটার দিকে সেনাবাহিনীর সদস্যরা কামানের গোলা ছোড়ার সময় এই বিস্ফোরণ ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সেনাবাহিনীর করপোরাল হাবিব, সার্জেন্ট হুমায়ুন ও সৈনিক রাসেদুল। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, নিহত সেনা সদস্যকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। বিমানবাহিনীর কর্মকর্তারা তাঁকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উখিয়ার মনখালী এলাকায় সেনাবাহিনীর প্রশিক্ষণ চলছিল। রাতে প্রশিক্ষণ চলাকালে একটি কামানের গোলা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। এটি একটি দুর্ঘটনা।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ওয়াহিদ মুরাদ বলেন, দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা রয়েছে। আহত তিন সেনা সদস্যদের চিকিৎসা চলছে।