কামারখন্দে এএসআইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, বিক্ষোভ
সিরাজগঞ্জের কামারখন্দ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামিম রেজার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং এএসআইয়ের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জামতৈল বাজারে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের রং ব্যবসায়ী নূরুল ইসলাম ওরফে লাভলু অভিযোগ করেন, কামারখন্দ থানার এএসআই শামিম রেজা নানা অজুহাত দেখিয়ে তাঁর কাছে টাকা দাবি করে আসছিলেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার ধোপাকান্দি স্কুলের কাছে তাঁর একটি রংবাহী ভ্যানগাড়ি আটক করে এএসআই শামিম রেজা ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। একপর্যায়ে নুরুলকে হাতকড়া পরান তিনি। পরে দুই হাজার টাকা ও নুরুলের মুঠোফোন সেট রেখে তাঁকে ছেড়ে দেন।এএসআই শামিম রেজা ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেছেন।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) মন্তাজ আলী জানান, ‘বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান দেখছেন বলে শুনেছি।’