কামারখন্দে দুই ইউপিতে নেই বিএনপির প্রার্থী
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে দুটিতে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই। একটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন।
দলীয় একাধিক সূত্রে জানা গেছে, জামতৈল ইউপিতে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন সেখ ও স্বতন্ত্র প্রার্থী নান্নু কামাল। বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী তালুকদার মনোনয়নপত্র দাখিল করলেও পরে প্রত্যাহার করেন।
ভদ্রঘাট ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী। তাঁরা হলেন আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, স্বতন্ত্র শেখ মো. সিরাজ-উ-দ্দৌলা ও মো. হায়দার আলী সরকার। এ ইউপিতেও বিএনপির কোনো প্রার্থী নেই। বিএনপি থেকে মো. সামিদুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি।
রায়দৌলতপুর ইউপিতে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন: আওয়ামী লীগের মো. জয়নাল আবেদীন, দলটির ‘বিদ্রোহী’ রেজাউল করিম ভুট্টো, বিএনপির মো. লুৎফর রহমান ও স্বতন্ত্র মোকতেল হোসেন।
ঝাউল ইউপিতে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন: আওয়ামী লীগের মো. আলতাফ হোসেন, বিএনপির মো. ছাইদুল ইসলাম সেখ ও স্বতন্ত্র সাইফুল ইসলাম।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেছ আলী বলেন, চারটি ইউপিতে দলীয় প্রার্থী দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতাসীন দলের প্রভাবের কারণে একজন মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রত্যাহার করেন, অপরজন জমা দেননি। এ কারণে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।