কামারখন্দে পুলিশ-জামায়াত ধাওয়া-পাল্টাধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে গুলি, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে। হরতালের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার কাশেম মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের জেলার কামারখন্দ উপজেলার কাশেম মোড়, বানিয়াগাতী ও নলকায় অবস্থান নিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ তাঁদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সকাল সাড়ে নয়টার দিকে আবারও হরতালকারীরা মহাসড়কে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ২০টি গুলি, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।

এদিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার বহুলি বাজারে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।

হরতালে সিরাজগঞ্জ শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। শহরের কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল থেকে আন্তজেলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। কিছু রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে ট্রাক চলাচল করছে। সয়দাবাদ ও কড্ডা শহীদ এম মনসুর আলী এবং জামতৈল রেলওয়ে স্টেশন হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ সাহা জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক হরতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।