কামারখন্দে পুলিশের বাবুর্চি খুন, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ছিনতাইকারীদের হাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এক বাবুর্চি খুন হয়েছেন। নিহত বাবুর্চির নাম আবদুস ছাত্তার (৪৫)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উলিপুর গ্রামে। গত শুক্রবার বিকেলে উপজেলার ফুলজোড় নদীর কাটাখালী এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।কামারখন্দ থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মেসে বাবুর্চি হিসাবে কর্মরত আবদুস ছাত্তার কর্মস্থল থেকে মাসিক রেশন ও বেতন নিয়ে উল্লাপাড়ার উলিপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ফুলজোড় নদীর কাটাখালী এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম বলেন, মনিরুলের কাছ থেকে ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।