কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের সাইদুর রহমান (৩৫) ও সোলাইমান হোসেন (৪০)। তাঁরা কাপড়ের ব্যবসা করেন। আহত পাঁচজন হলেন শাহ আলম (৩২), মোসলেম উদ্দিন (৪৫), সবুজ আলী (৩৫), আবদুল আলীম (৪৮) ও আবদুল গফুর (৩৫)।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সূত্রে জানা গেছে, গতকাল ভোর পৌনে ছয়টার দিকে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে ব্যবসায়ীরা কাপড় নিয়ে বেলকুচি উপজেলার সোহাগপুর হাটে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের ৪ নম্বর সেতুর পশ্চিমে কামারখন্দ উপজেলার তালুকদার বাজারের কাছে এলে বাসটির সঙ্গে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কাপড় ব্যবসায়ী উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের সাইদুর রহমান নিহত এবং ছয়জন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে সোলাইমান হোসেন মারা যান।