কামারখন্দে ২১ অ্যানথ্রাক্স রোগী
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে অ্যানথ্রাক্স বা তড়কারোগের সন্ধান পাওয়া গেছে। গত তিন দিনে স্বাস্থ্য বিভাগ এ রোগে আক্রান্ত ২১ জনকে শনাক্ত করেছে। অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু জবাই করে এর মাংস কাটা ও রান্নায় নিয়োজিত ব্যক্তিরা এতে আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এসব রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। সপ্তাহ খানেকের মধ্যে তাঁরা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুর মাংস হাত দিয়ে নাড়াচাড়া করলে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। রোগীর সংখ্যা আরও বাড়তে পারে।
প্রাণিসম্পদ কার্যালয় ও গ্রামবাসী সূত্র জানায়, গত ১৪ এপ্রিল জামতৈল গ্রামের আবুল কালামের একটি গাভি ও ২৯ এপ্রিল শ্রী বুদ্দুর একটি ষাঁড় অসুস্থ হলে তৎক্ষণাৎ জবাই করে গ্রামের ৫০ ব্যক্তি স্বল্পমূল্যে মাংস ভাগাভাগি করে নেন। গত শুক্রবার থেকে ওই গরুর মাংস কাটা ও রান্নাবান্নার সঙ্গে জড়িতদের হাত ও পায়ে ফোসকার মতো দেখা দেয়। ধীরে ধীরে তা ঘায়ে রূপান্তরিত হয়। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকেরা তা অ্যানথ্রাক্স রোগ হিসেবে শনাক্ত করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ বলেন, তিনটি অসুস্থ গরু জবাই করার কথা শোনার পর ওই গরুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ প্রাণিসম্পদ আঞ্চলিক রোগ নির্ণয়কেন্দ্রে পাঠানো হয়। সেখানে দুটি গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে এলাকায় একজন ভেটেরিনারি সার্জনের নেতৃত্বে পাঁচ সদস্যসহ মোট তিনটি দল টিকা দেওয়ার কাজ করছে। একই সঙ্গে অসুস্থ গবাদিপশু জবাই না করে মারা যাওয়ার পর মাটিতে পুঁতে ফেলতে বলা হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আকতারুজ্জামান ভূঁইয়া বলেন, রোগ শনাক্ত করার সঙ্গে সঙ্গে এলাকার সব গরুকে টিকা দেওয়ার অভিযান শুরু হয়েছে। গতকাল পর্যন্ত আড়াই হাজার গরুকে টিকা দেওয়া হয়েছে। এটা অব্যাহত থাকবে।