কামারছড়া বনবিটের গাছ কাটার ঘটনায় একজন গ্রেপ্তার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামারছড়া বনবিটের ৪০ হাজার চারা নষ্ট ও দুই সহস্রাধিক গাছ কাটার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাছ কেটে ও চারা নষ্ট করে ভূমিদস্যুরা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ক্ষতি করেছে বলে বনবিট কর্মকর্তা জানিয়েছেন। গত রোববার এ ঘটনা ঘটে। পুলিশ ও বনবিট সূত্র জানায়, বনায়ন প্রকল্পের সৃজিত ছোট ও মাঝারি দুই সহস্রাধিক বিভিন্ন জাতের গাছ কেটে এবং নার্সারির ৪০ হাজার চারা নষ্ট করে বনভূমি জবরদখল করে বাড়ি তৈরি করেছিল ভূমিখেকো একটি চক্র। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গত রোববার র্যাব-পুলিশের সহায়তা নিয়ে অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করে বন কর্তৃপক্ষ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় দায়ের করা মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ। কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দীন বলেন, বনভূমি দখল করে ঘর নির্মাণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।