কামারশিল্পীদের ফুরসত নেই
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদুল আজহা সামনে রেখে বেড়ে গেছে কামারশিল্পীদের ব্যস্ততা। তাঁরা দিনরাত নিরলস পরিশ্রম করে কোরবানির কাজে ব্যবহূত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়া নদীর পাড় এলাকায় গেলেই চোখে পড়ে কামারশিল্পীদের কর্মব্যস্ততা। তাঁরা গরম লোহা পিটিয়ে তৈরি করছেন দৈনন্দিন কাজে ব্যবহূত যন্ত্রপাতিসহ পশু কোরবানির নানা ধরনের ছুরি, চাপাতি, দা, বঁটি প্রভৃতি। উপজেলার পৌর সদরের কামারশিল্পী মানিক চন্দ্র ধর (৩০), নির্মল কর্মকার (২৫) ও নিতাই কর্মকার (২৮) বলেন, ‘বছরের বেশির ভাগ সময়ে কাজ না থাকায় অলস সময় কাটাতে হয়। ফলে ওই সময়ে কোনো উপার্জন না থাকায় বহু কষ্টে ছেলেমেয়ে নিয়ে দিন যাপন করি আর ঈদুল আজহার জন্য অপেক্ষা করি। ঈদুল আজহা এলেই হাতে কাজ বেড়ে যায়। বছরে ছয় মাস কাজ করে যা পাই, ঈদুল আজহার সময়ে তার প্রায় দ্বিগুণ উপার্জন হয়।’উপজেলার জাটিয়া ইউনিয়নের হারুয়া বাজারের কামারশিল্পী সুভাষ চন্দ্র ভৌমিক (৬০), বলেন, ‘ঈদের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হয় সারা বছর। খেয়ে না-খেয়ে দিন যাপন করতে হয়। আর ভাবি, কখন আসবে ওই ঈদ। অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঈদ আসে, ঈদ যায়। তবু আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না।’