কামারুজ্জামানের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁসি কার্যকর করার পর কঠোর নিরাপত্তায় কামারুজ্জামানের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি গতকাল শনিবার রাতের। ছবি: ফোকাস বাংলা
ফাঁসি কার্যকর করার পর কঠোর নিরাপত্তায় কামারুজ্জামানের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি গতকাল শনিবার রাতের। ছবি: ফোকাস বাংলা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।

আজ রোববার ভোর পাঁচটা ২০ মিনিটে শেরপুর সদর উপজেলার কুমরী বাজিতখিলা এতিমখানার পাশে কামারুজ্জামানের মরদেহ দাফন করা হয়।

কামারুজ্জামানের বড় ভাই কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, এতিমখানাটি তাঁর ভাই প্রতিষ্ঠা করেছেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে এতিমখানার পাশে দাফন করা হয়েছে।

দাফনের আগে কুমরী বাজিতখিলা এতিমখানার মাঠে কামারুজ্জামানের নামাজে জানাজা হয়। ভোর চারটা ৫০ মিনিটে জানাজা শেষ হয়।

কামারুজ্জামানের মরদেহ শেরপুরে নিজের গ্রাম কুমরী মুদিপাড়ায় পৌঁছায় ভোর সোয়া চারটার দিকে। তাঁর ভাই কফিল উদ্দিন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন।

গতকাল শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মিত স্থায়ী ফাঁসির মঞ্চে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর রাতেই তাঁর লাশ র‍্যাব-পুলিশের পাহারায় অ্যাম্বুলেন্সে করে শেরপুরে গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১২০ জনকে হত্যা ও ধর্ষণের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে গত বছরের ৩ নভেম্বর সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। এরপর ৬ এপ্রিল পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন আপিল বিভাগ। ৮ এপ্রিল পুনর্বিবেচনার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিনই রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হয়। ওই দিনই কারা কর্তৃপক্ষ তাঁকে রায় পড়ে শোনায়। এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন কি না। কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন জানাননি।

একাত্তরে কামারুজ্জামান বৃহত্তর ময়মনসিংহে আলবদরের প্রধান সংগঠক ছিলেন। তিনি আলবদরের গঠন, বাহিনীর সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া প্রভৃতি বিষয়গুলো সমন্বয় করতেন। সোহাগপুর গ্রামে হত্যাযজ্ঞ প্রসঙ্গে ট্রাইব্যুনাল তাঁর রায়ে বলেছিলেন, এ হত্যাযজ্ঞ ও ধর্ষণের ঘটনাটি চরম হিংস্র প্রকৃতির। ওই ঘটনা এমনই পাশবিক প্রকৃতির, যেখানে শতাধিক নিরস্ত্র মানুষ তাঁদের জীবন ও সম্মান রক্ষা করতে পারেননি, মানবতাবোধের প্রতি ন্যূনতম মর্যাদা সেখানে দেখানো হয়নি। আসামি তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে ওই নৃশংস হত্যাকাণ্ডে তাঁর অংশগ্রহণ প্রমাণ করেছেন।