কামারুজ্জামান ও আলীমকে অব্যাহতির শুনানি চলছে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান এবং বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় অভিযোগের বিষয়ে শুনানিতে গতকাল মঙ্গলবারও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই দুই মামলার শুনানি চলছে।গতকাল কামারুজ্জামানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় কামারুজ্জামান ছিলেন ১৯ বছর বয়সী ও উচ্চমাধ্যমিকের ছাত্র। ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে অপরাধের উপাদান নেই। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় বিকেলে এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।আবদুল আলীমকে অভিযোগ থেকে অব্যাহতির পক্ষে যুক্তি উপস্থাপন করে তাঁর আইনজীবী তাজুল ইসলাম বলেন, অনেক অভিযোগে রাষ্ট্রপক্ষ ঘটনার সময় ও তারিখ সুনির্দিষ্ট করতে ব্যর্থ হয়েছে। এ জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায় না। আলীমের বিরুদ্ধে আনীত অভিযোগের ২৮টি ঘটনার প্রসঙ্গে তিনি গতকাল যুক্তি উপস্থাপন করেন। বাকি ঘটনাগুলোর বিষয়ে যুক্তি উপস্থাপনের জন্য ১৭ মে দিন ধার্য করা হয়।মুজাহিদের বিরুদ্ধে মামলায় শুনানি আজ: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন একই ট্রাইব্যুনাল। গতকাল শুনানির ধার্য দিনে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল দিন পুনর্নির্ধারণ করেন।সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে গতকাল নবম দিনের মতো জেরা করে আসামিপক্ষ। ট্রাইব্যুনাল-১-এ গতকাল হেলালউদ্দিনের দাখিল করা বিভিন্ন বস্তুগত প্রদর্শনীর ওপর প্রশ্ন করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। বস্তু প্রদর্শনীর মধ্যে ছিল কয়েকটি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন। মিজানুল মত দেন, আবেগ সৃষ্টি করে পরিবেশ ভারী করতে এসব দাখিল করা হয়েছে। হেলালউদ্দিন বলেন, এটা সত্য নয়। বিকেলে এই জেরা আজ সকাল পর্যন্ত মুলতবি করা হয়।