কামারুজ্জামান ও কাদের মোল্লাকে সেফ হোমে নিতে চায় তদন্ত সংস্থা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থা।ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য মো. আবদুর রাজ্জাক খান তা স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, কাদের মোল্লা ও কামারুজ্জামানকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন গতকাল রোববার প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষের আইনজীবী) কাছে জমা দেওয়া হয়েছে। তাতে প্রতেক্যের তিন দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনুর ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ধরনের আবেদন জমা পড়েনি।জানতে চাইলে প্রসিকিউশনের দুজন সদস্য জানান, আজ সোমবার ওই আবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হতে পারে।তদন্ত সংস্থা এর আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ৫ মে, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ৮ মে, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১০ মে ও জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ১২ মে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।