কামারুজ্জামানকে ক্ষমা চাওয়ার পরামর্শ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে রাষ্ট্রপতির কাছে শিগগিরই ক্ষমা চাইতে বলবে কারা কর্তৃপক্ষ। কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল গতকাল রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। কারা কর্তৃপক্ষই তাঁকে এমনটি জানিয়েছে বলে দাবি করেন তিনি।
তবে যোগাযোগ করা হলে জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এর আগে গতকাল বুধবার বিকেলে গুলশানে নিজ বাসভবনে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রায় আছে, সেখানে রিভিউ পিটিশন ডিসমিস হয়েছে, সেটা ধরে নিয়ে আমাকে আদেশ দিতে হবে জেল কর্তৃপক্ষকে, তাদের প্রস্তুতির ব্যাপারে, আমি সেই আদেশ দিয়েছি।’
কামারুজ্জামানকে দণ্ডাদেশের রায় জানানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কি না, সেই প্রশ্ন আমি আইজি প্রিজন সাহেবকে করি নাই। কিন্তু আমি যতটুকু জানি, তাঁকে (কামারুজ্জামান) জানানো হয়েছে...।’
এর আগে দুপুরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন দুপুরে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সচিবালয়ে দেখা করেন।
আজ বৃহস্পতিবার কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য আবেদন করেছেন তাঁর আইনজীবী শিশির মনির। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা ছয়টায় আবেদনটি কারা কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে। পাঁচজন আইনজীবী কামারুজ্জামানের সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হয়েছে।
এর আগে সকালে কামারুজ্জামানের স্ত্রী, ছেলেমেয়েসহ পরিবারের ১০ জন সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা সকাল ১০টা ৩৮ মিনিট থেকে বেলা ১১টা আট মিনিট পর্যন্ত কামারুজ্জামানের সঙ্গে কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ৩ নভেম্বর আপিল বিভাগ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। এরপর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার দুপুরে কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের পর তাঁর বড় ছেলে হাসান ইকবাল সাংবাদিকদের জানান, তাঁর বাবা সুস্থ, স্বাভাবিক ও শক্ত আছেন। তিনি বলেন, ‘বাবার মতো শক্ত মানুষ আমি দেখিনি।’
হাসান ইকবাল বলেন, ‘বাবা পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করতে বলেছেন। আমরা তাঁর জন্য শুকনো খাবার, শীতের কাপড় ও কম্বল নিয়ে গেছি। আপিলের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউ করব।’ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার ব্যাপারটি তাঁর বাবার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান তিনি। তবে রাতে তিনি প্রথম আলোকে জানান, কারা কর্তৃপক্ষ তাঁকে বলেছে, তারা কামারুজ্জামানকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে বলবে।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাদের ডাকেনি। নিয়মিত সাক্ষাৎকারের অংশ হিসেবে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেছেন।’
আইনজীবীর ব্রিফিং: দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক ব্রিফিংয়ে কামারুজ্জামানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আমরা দরখাস্ত করেছি। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ দাখিল করব। এটি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড। আশা করব, স্বাভাবিকভাবে ন্যায়বিচারের স্বার্থে রায়টি পূর্ণাঙ্গ প্রকাশ করার আগে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। এটা আইনের বিধানের খেলাপ হবে।’
রিভিউ করার আগে মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে আশঙ্কা করছেন কি না—এমন প্রশ্নে খন্দকার মাহবুব বলেন, আশঙ্কা করছি না। এটা বেআইনি হবে। বক্তব্য জনসমক্ষে তুলে ধরছি, ন্যায়বিচারের স্বার্থে যেটা হওয়া উচিত, সেটি বলছি।’
অ্যাটর্নি জেনারেলের বক্তব্য: এরপর নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনালের মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘রিভিউ করার সুযোগ নেই। যারা বলছে রিভিউর সুযোগ আছে, তাদের বলছি সংবিধানের ৪৭(ক) পড়ার জন্য। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ আছে। এর পরও রিভিউ পিটিশনের কথা বলা হচ্ছে সময় ক্ষেপণের জন্য।’
দণ্ড কার্যকরে পূর্ণাঙ্গ রায় প্রয়োজন কি না—এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ রায় দিয়েছেন। আপিল বিভাগ সে রায় বহাল রেখেছেন। জেল কর্তৃপক্ষ দেখবে আদেশের অংশ। তাদের কি পুরো রায় দরকার আছে?’
জামায়াত এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যকে সংবিধানবিরোধী ও মৌলিক অধিকারের পরিপন্থী বলে দাবি করেছে।
কাদের মোল্লার প্রসঙ্গটিতে দৃষ্টি আকর্ষণ করা হলে মাহবুবে আলম বলেন, ‘আগের মামলায় কী হয়েছে, তা বড় বিষয় নয়। আইনে কী আছে, সেটিই বড় বিষয়। সংক্ষিপ্ত আদেশের ভিত্তিতে কিছুই করা যাবে না, এ বিষয়ে একমত হতে পারছি না।’
দণ্ড কার্যকর সময়ের ব্যাপার মাত্র কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘নিশ্চয়ই। কীভাবে দণ্ড কার্যকর হবে, তা সরকারের সিদ্ধান্তের বিষয়। রাষ্ট্র প্রাণ ভিক্ষা চাওয়ার সুযোগ দেবে। আসামিকে প্রাণ ভিক্ষা চাইতে হবে।’