জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন আসামিপক্ষের চতুর্থ সাক্ষী মো. কফিল উদ্দিন (৬৪)। জেরায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকায় এলে কামারুজ্জামানকে সন্দেহভাজন হিসেবে কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছিল।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাফাই সাক্ষী ও কামারুজ্জামানের বড় ভাই কফিল উদ্দিনের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। জবানবন্দি শেষে তাঁকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।জবানবন্দিতে সাফাই সাক্ষী কফিল উদ্দিন বলেন, ১৯৬৭ সালে তাঁর ভাই কামারুজ্জামান শেরপুরের জি কে স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস করে জামালপুরের আশেক মাহমুদ কলেজে ভর্তি হন। কিন্তু অসুস্থ থাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দেননি। পরের বছর ভর্তি হন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে। ওই সময় দেশে আন্দোলন শুরু হলে মায়ের নির্দেশে তিনি কামারুজ্জামানকে গ্রামের বাড়ি শেরপুরে নিয়ে আসেন। যুদ্ধের সময় কামারুজ্জামান বাড়িতেই ছিলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষায়ও অংশ নেননি। ১৯৭২ সালে নাসিরাবাদ কলেজ থেকে পরীক্ষা দিয়ে পাস করে লেখাপড়ার উদ্দেশ্যে ঢাকায় যান। স্কুল-কলেজে কামারুজ্জামান রাজনীতি করতেন না।জবানবন্দি শেষে সাফাই সাক্ষীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আপনি কি জানেন শেরপুর শহরে সুরেন্দ্র মোহন সাহার বাড়িতে রাজাকার ও আলবদর বাহিনীর ক্যাম্প ছিল—এ প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ। মোহাম্মদ আলী মত (সাজেশন) দেন, ওই ক্যাম্পে আপনার ভাই কামারুজ্জামানের যাতায়াত ছিল বা তিনি সেখানে বিভিন্ন হত্যাকাণ্ড বা মানবতাবিরোধী কর্মকাণ্ডের নেতৃত্ব দিতেন। জবাবে তিনি বলেন, এটা সত্য নয়। তিনি বলেন, ‘শুনেছি এই ক্যাম্পের একজন কমান্ডার ছিল, তার নাম কামরান। সে শেরপুরে এসব ঘটনা ঘটিয়েছে।’একাত্তরের ২৯ ডিসেম্বর কামারুজ্জামান গ্রেপ্তার হয়েছিলেন, এটা জানেন—জবাবে সাক্ষী বলেন, ডিসেম্বরের শেষ দিকে কামারুজ্জামান ঢাকায় এলে কমলাপুর রেলস্টেশন থেকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হন। এর সাত-আট দিন পর জেলখানা থেকে তিনি পোস্টকার্ডে চিঠি লিখে বিষয়টি তাঁকে জানান। গ্রেপ্তারের তিন বা সাড়ে তিন মাস পর তিনি মুক্তি পান।পরে কৌঁসুলি মত দেন, ভাইকে অভিযোগ থেকে বাঁচানোর জন্য সত্য গোপন করছেন বা মিথ্যা বলছেন। আপনার ভাইয়ের পক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অনেক লোককে প্রভাবিত করেছেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।কফিল উদ্দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আসামিপক্ষ সময়ের আবেদন জানায়। ট্রাইব্যুনাল ১৮ মার্চ দিন ধার্য করে বলেন, ওই দিন সাক্ষী হাজির করতে না পারলে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। এ মামলায় আসামিপক্ষের পাঁচ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।